আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
নিজস্ব প্রতিবেদক
4
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৯:১৭ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলাদর্পণ প্রতিবেদক : আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ভোলা ও নিজ নির্বাচনী এলাকায় আসছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ২ থেকে ৪ সেপ্টেম্বর তিন দিনের সরকারি সফরে ভোলায় অবস্থান করবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকার বারিধারাস্থ কূটনৈতিক অঞ্চল, গুলশান-২ থেকে সড়কপথে ভোলার উদ্দেশ্যে যাত্রা করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে পৌঁছাবেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এদিন সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন করবেন তিনি। এ সময় জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত বিষয় এবং জেলার উন্নয়ন-সম্ভাবনা নিয়ে এ মতবিনিময়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সূত্র।
সফরের তৃতীয় দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন আন্দালিব রহমান পার্থ। এরপর দুপুর ২টা পর্যন্ত ভোলা সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।
বিকেল ৩টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করার কথা রয়েছে তার। সফরসূচি অনুযায়ী রাত ১০টার দিকে তিনি ঢাকার বারিধারাস্থ কূটনৈতিক অঞ্চল, গুলশান-২ এলাকায় পৌঁছাবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ভোলায় তার প্রথম সরকারি সফর। ফলে তার এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে নিজ নির্বাচনী এলাকা ভোলা-১ এর দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভোলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন, নদীভাঙন, পর্যটন, বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময়ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা। পেশাগত নিরাপত্তা ও পরিবেশ এবং জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।
সরকারি সফরসূচিতে বলা হয়েছে, মন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহীন আলম এবং ব্যক্তিগত কর্মকর্তা রাফসান জানি তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিজ জেলা ও নির্বাচনী এলাকায় আন্দালিব রহমান পার্থর এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
